Last Update
http://goo.gl/LG0Hw5
Showing posts with label যুগান্তর. Show all posts
Showing posts with label যুগান্তর. Show all posts

Monday, June 5, 2017

পুলিশের সাথে ছিনতাইকারীদের গোলাগুলি : ৬ পুলিশসহ আহত ৮

ফেনীর সোনাগাজীতে পুলিশের সাথে ছিনতাইকারীদের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটছে বলে জানা গেছে। উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর গ্রামে রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গোলাগুলিতে নূরুল আলম ও রুবেল নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ ও ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছে। আহত পুলিশ সদস্যরা হচ্ছে, এসআই তাজ উদ্দিন বাহার, এএসআই দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, কনস্টেবল রাকিব উদ্দিন, আবদুল খালেক ও আবুল খায়ের। আহত ছিনতাইকারীদের অবস্থা সঙ্কটাপন্ন হলে চিকিৎসার জন্য তাদেরকে ফেনী আধুনিক সদর হাসপাতাল ও পুলিশ সদস্যদের সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রোববার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক নূরুল গনি (৩৫) মঙ্গলকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সাপ্তাহিক কিস্তির টাকা সংগ্রহ করে আসার সময় ওই ইউনিয়নের সমপুর গ্রামের রাস্তার মাথায় আসলে ৩ জন ছিনতাইকারী তাকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়ে তার নিকট থেকে ১ লাখ ৮ হাজার ৬২৮ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এসময় তার শোর চিৎকারে স্থানীয়রা সংঘটিত হয়ে নূরুল আলম (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তার দেয়া তথ্যমতে পুলিশ বিকালে রুবেল নামে আরো এক ছিনতাইকারীকে গ্রেফতার করে। পুলিশের দাবি, রুবেলের মাধ্যমে পুলিশ সমপুর গ্রামের ছিনতাইকারী শেখ ফরিদকে আটকের জন্য ফাঁদ পাতে। রুবেল শেখ ফরিদের কাছে ছিনতাইকৃত টাকার ভাগ চাইলে সে রুবেলকে সমপুর গ্রামে আসতে বলে। তার কথামত আটককৃত রুবেল ও নূরুল আলমকে সাথে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ও ওসি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশদল রাত ১টার দিকে ঘটনাস্থল সমপুরে যাওয়ার সময় আনন্দিপুরে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে শেখ ফরিদের নেতৃত্বে একদল ছিনতাইকারী পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের সংঘর্ষে দু’ছিনতাইকারী ও ৬ পুলিশ সদস্য আহত হয়। এদিকে টাকা ছিনতাইয়ে ঘটনায় রোববার বিকালে গ্রামীণ ব্যাংক মঙ্গলকান্দি শাখার ব্যবস্থাপক মো: মোবারক হোসেন বাদি হয়ে নূরুল আলম, রুবেল ও শেখ ফরিদসহ ৩ ছিনতাইকারীর নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হুমায়ূন কবির সত্যতা নিশ্চিত করেছেন।

মনুনদীর বাধ ভেঙ্গে রাজনগরে পাঁচ গ্রাম প্লাবিত

গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মনু নদীর প্রতিরক্ষা বাধের চারটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। বানের পানি লোকালয়ে প্রবেশ করে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দশ হাজিার মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে। গতকাল উপজেলার কোনাগাঁও গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির কাছে দুইটি স্থানে বিকেল ৪ টার দিকে ভাঙ্গন দেখাদেয়। কোনাগাঁও গ্রামের রুহেল মিয়া, রব মিয়া জানান বিকেলে মোহাম্মদ আলীর বাড়ির পশ্চিম পাশে নদীর বাধে দু’টি স্থানে ভাঙ্গন দেখা দিলে কোনাগাঁও গ্রামের ভুমিহীন এলাকায় বানের পানি প্রবেশ করে শতাদিক বাড়ির রাস্তাঘাট ক্ষেতের মাঠ পানিতে তলিয়ে গেছে। এ দিকে রাত দশটার দিকে উজিরপুর গ্রামের জমির আলী জানান উজির পুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মনু নদীর প্রতিরক্ষা বাধ ভেঙ্গে লোকালয়ে পানি পানি প্রবেশ করলে এলাকার কান্দির কুল, হরিপাশা, উজিরপুর, একামধু এ চারটি গ্রামের রাস্তাঘাট ও বাড়ি ঘর বানের পানিতে তলিয়েছে। ১০ হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। কোনাগাঁও গ্রামের ফয়জুল ইসলাম জানান রাতে কোনাগাঁও আহাদ মিয়ার বাড়ির কাছে আরেকটি ভাঙ্গন দেখা দিয়েছে। এ ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে কোনাগাঁও গ্রাম প্লাবিত হয়েছে। টেংরা ইউনিয়নের সদস্য শাহেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান হঠাৎ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে আরো ঝুকিপুর্ন কয়েকটি স্থান রয়েছে। যেকোন সময় বাধ ভেঙ্গে পানি প্রবেশ করতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করলে তিনি জানান হঠাৎ নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু এলাকা প্লাবিত হয়েছে। লোক জন আপাতত বাধে আশ্রয় নিয়েছে। আশপাশের বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ফের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত লন্ডন

ম্যানচেস্টারে হামলার রেশ কাটতে না কাটতেই ফের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। শনিবার সপ্তাহিক ছুটির রাতে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে সন্ত্রাসীরা ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরি নিয়ে নৃশংস এ হামলা চালায়। এতে নিহত হয়েছেন অন্তত সাতজন। আহত হয়েছেন ৫০ জন। ব্রিটেনে নির্বাচনের মাত্র চার দিন আগে এ হামলার ঘটনায় সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে সেন্ট্রাল লন্ডনের অন্যতম ব্যস্ত এলাকা লন্ডন ব্রিজের ওপর এবং পার্শ্ববর্তী বরো মার্কেটে সন্ত্রাসীরা এ হামলা চালায়। হামলাকারীরা একটি সাদা ভ্যানে করে ঘটনাস্থলে আসে। লন্ডন ব্রিজের ওপর দিয়ে ভ্যানটি চালিয়ে যাওয়ার সময় তা পথচারীদের ওপর উঠিয়ে দেয় হামলাকারীরা। একপর্যায়ে তা ফুটওয়েতে একটি চার্চে আঘাত করে আটকে যায়। এ সময় ছুরি হাতে ভ্যান থেকে তিন হামলাকারী নেমে এসে সেখানে অবস্থানরত লোকজনের ওপর ছুরিকাঘাত করতে থাকে। একের পর এক ছুরিকাঘাতে পথচারীরা দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। পরে কয়েকশ’ মিটার দূরে বরো মার্কেটেও সন্ত্রাসীরা হামলা চালায়। মার্কেটে তখন লোকে লোকারণ্য ছিল। টের পেয়ে মার্কেটের লোকজন দিগি¦দিক ছোটাছুটি করতে থাকে।
ঘটনার আট মিনিটের মাথায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এলাকাটি ঘিরে ফেলে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী সেন্ট টমার্স হাসপাতালসহ পার্শ্ববর্তী আরও ছয়টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ৫০ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। পুলিশ হামলাকারীদের প্রতিহত করতে তাৎক্ষণিক গুলি চালায়। এতে ঘটনাস্থলে তিন হামলাকারী নিহত হয়। এ সময় ট্রান্সপোর্ট পুলিশের এক সদস্যও গুরুতর আহত হন। তার মাথা, মুখ এবং পায়ে অনেক আঘাত রয়েছে। হামলাকারীর শরীর থেকে সুইসাইডভেস্টসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। পরে অবশ্য পুলিশ জানায়, তা আসলে বোমা ছিল না। হামলার পরপরই লন্ডন ব্রিজ ও ব্রিজ রেলস্টেশন বন্ধ করে দেয়া হয় এবং পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার সময় বিবিসির সাংবাদিক হলি জোন্স লন্ডন ব্রিজে ছিলেন। তিনি জানান, হামলাকারীদের মধ্যে একজন পুরুষ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে গাড়িটি চালাচ্ছিল। তার ডান দিক দিয়ে গাড়িটি ঘুরে গেল এবং পাঁচ থেকে ছয়জনকে আঘাত করল। ওই গাড়িটি বরো মার্কেটের দিকে চলে গেল এবং সেখানে কজন মানুষের ওপর ছুরি দিয়ে হামলা চালাল হামলাকারীরা। বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখার সময় হামলার দায় কেউ স্বীকার করেনি। টেমস ব্রিজের দক্ষিণ দিকে ওই এলাকাটি রেস্তোরাঁ, পানশালা, নাইট ক্লাব ও পাবের জন্য পরিচিত। সেন্ট্রাল লন্ডনের কেন্দ্রবিন্দু হওয়ায় লন্ডন ব্রিজ এলাকাটি বাস, ট্রেন, পাতাল রেলওয়েসহ গুরুত্বপূর্ণ ষ্টেশনগুলো সেখানে অবস্থিত। সেখান থেকেই ব্রিটেনের অন্যান্য শহর বন্দরে যাওয়ার অন্যতম একটি ট্রেন স্টেশন রয়েছে; যা লন্ডন ব্রিজ ষ্টেশন নামে বিখ্যাত। এছাড়া পাতাল রেলওয়ের ব্যস্ত জংশন এই লন্ডন ব্রিজ এলাকায়। এই স্টেশনটি ব্যবহার করে রোজ লাখ লাখ মানুষ লন্ডনের অন্যান্য শহরে যাতায়াত করে থাকেন। দেশের অন্যতম বৃহৎ বাস স্টেশন এই লন্ডন ব্রিজেই অবস্থিত। প্রতিদিন হাজার হাজার লোক সমাগম ঘটে এখানে। শনিবার সাপ্তাহিক ছুটির রাত হওয়ায় হামলার সময় বেশ ভিড় ছিল সেখানে।
১২ জন গে ফতার : লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার ঘটনায় পূর্ব লন্ডনের একটি ফ্ল্যাট থেকে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে বলা হয়, তিন হামলাকারীর মধ্যে একজনের বার্কিং এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। বার্কিংয়ের আরও বেশ কয়েকটি এলাকায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল। লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, তারা লন্ডন বি জ ও বরো মার্কেটের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে। লন্ডনের বিভিন্ন স্থানে সহস াধিক অস্ত্রধারী পুলিশ মোতায়ন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ১০নং ডাউনিং স্ট্রিট, পার্লামেন্ট ভবন, রানী এলিজাবেথের রাজপ্রাসাদসহ ব্রিটেনের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে। নির্বাচন সময়মতোই হবে- তেরেসা মে : ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এই হামলাকে ‘ভয়ঙ্কর ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। নির্বাচনী প্রচার স্থগিত রেখে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বিষয়ক কোবরা কমিটির জরুরি বৈঠক করেন তিনি। বৈঠক শেষে ডাউনিং স্ট্রিটে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, যুক্তরাজ্য সন্ত্রাসী হামলা ঠেকাতে সবাইকে একত্রিত হতে হবে। লন্ডনে সন্ত্রাসী হামলার পরও জাতীয় নির্বাচন নির্ধারিত ৮ জুনই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে। তিনি বলেন, ‘নৃশংসতাকে কখনই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিঘœ ঘটাতে দেয়া হবে না।’ তিনি বিশেষভাবে উল্লেখ করে বলেন, সোমবার থেকে আবারও পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে। নির্বাচনের চার দিন আগে এ হামলার পর যুক্তরাজ্যের বেশির ভাগ রাজনৈতিক দলই নির্বাচনী প্রচারে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন পিছিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু মে জানিয়ে দিয়েছেন, হামলা সত্ত্বেও নির্বাচন সময়মতোই হবে। তিনি নিরীহ, নিরস্ত্র জনতার ওপর হামলার ঘটনারও নিন্দা জানিয়ে বলেন, ‘যথেষ্ট হয়েছে।’ প্রধান বিরোধী দল লেবার নেতা জেরেমি করবিন বলেন, হামলার খবরে তিনি ‘খুবই আহত হয়েছেন এবং আতঙ্কিত বোধ করছেন।’ অন্যদিকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই নির্বাচনের মাত্র চার দিন আগে আবারও রাজধানী লন্ডনে রক্তাক্ত সন্ত্রাসী হামলা যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তিন মাসেরও কম সময়ে যুক্তরাজ্যে এটি তৃতীয় সন্ত্রাসী হামলা। মার্চে লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে হামলার ঘটনায় ৫ জন নিহত হয়। মে মাসে ম্যানচেষ্টারে একটি সঙ্গীত অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা চালায় লিবিয়ান বংশো™ূ¢ত সালমান আবেদি নামে এক তরুণ। এতে ২২ জন নিহত ও ৫৯ জন আহত হন। এরপর থেকেই ব্রিটেনজুড়ে নিরাপত্তা কড়াকড়ি করা হয়।
বিশ্বনেতাদের নিন্দা : লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফোন করে হামলার নিন্দা জানান এবং হতাহত পরিবারের প্রতি গভীর সমবেদন প্রকাশ করেন। তিনি জঙ্গি হামলা প্রতিরোধে ইউরোপীয় কো-অপারেশনের কার্যকারিতার ওপর গুরুত্বারোপ করেন। জার্মান প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা মার্কেল বিবৃতিতে বলেন, লন্ডন ব্রিজে পাশবিক ও নৃশংস হামলার প্রতিবাদে বিশ্ববাসী আজ একজোট। পোপ ফ্রান্সিস হামলায় হতাহতদের জন্য প্রার্থনার আহবান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক বিবৃতিতে হামলার নিন্দা জানান।

কাতারের সঙ্গে সৌদি আরবসহ ৪ দেশের সম্পর্ক ছিন্ন

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও তিনটি দেশ। ওই তিনটি দেশ হলো- মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এ দেশগুলো সৌদি আরবের একান্ত বন্ধু রাষ্ট্র ও মিত্র। খবর আল জাজিরা ও ডেইলি এক্সপ্রেসের। সোমবার ওই চার দেশ আলাদা বিবৃতিতে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। কূ্টনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি ইয়েমেন যুদ্ধ থেকে কাতারের সৈন্যদের ফেরত পাঠানোরও ঘোষণা দিয়েছে সৌদি আরব। সোমবার সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে দেশটির বাদশাহ এসব ঘোষণা দেন। এসব সিদ্ধান্তের কারণ হিসেবে জাতীয় নিরাপত্তা রক্ষার কথা বলেন তিনি। চার দেশের অভিযোগ, কাতার মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য জঙ্গি দলগুলোকে সমর্থন ও সহযোগিতা দেয়। আর এ কারণে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। তবে আল জাজিরা জানিয়েছে, কাতারের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থার একটি সাম্প্রতিক হ্যাকের পর কাতার ও উপসাগরীয় আরব দেশগুলির মধ্যে বিতর্ক ছড়িয়ে পড়ে। এরই জের ধরে শেষ পর্যন্ত দেশগুলো কাতারে সঙ্গে সম্পর্কচ্ছেদের মতো সিদ্ধান্ত নিয়েছে। কূটনৈতিক সম্পর্কচ্ছেদের পাশাপাশি কাতারের সঙ্গে সকল ধরনের স্থল, নৌ ও আকাশপথের যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব।
নিজেদের এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করে সৌদি মিত্রদেরও একই ধরনের সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটি। সৌদি আরবের এই ঘোষণার সঙ্গে সম্প্রতি দেয়া বাহরাইনের এক ঘোষণার মিল পাওয়া যায়। তারাও কাতারের সঙ্গে বিমান ও নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির কূটনৈতিকদের কাতার ছাড়ার নির্দেশনা দিয়েছিল। পাশাপাশি কাতারের কূটনৈতিকদেরও একই নির্দেশনা দিয়েছিল বাহরাইন। সংযুক্ত আরব আমিরাত দেশটিতে নিযুক্ত কাতারের কূটনীতিকদের দেশত্যাগের ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছে। এছাড়া মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে কাতারের সঙ্গে আকাশসীমা এবং বন্দরসমূহ বন্ধ করে দিয়েছে দেশটি। তবে এসব বিষয়ে কাতারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। এ সিদ্ধান্তের কারণে পর্যটন রাষ্ট্র কাতার অবশ্য ভালো লোকসানের মুখে পড়বে বলে মন্তব্য বিশ্লেষকদের। এছাড়া ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন ও কাতার এয়ারওয়েজের বিশ্বব্যাপী ব্যবসা হুমকির মধ্যে পড়বে বলে ধারণা তাদের।

মোটরসাইকেলে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি

দারিদ্র্যের যন্ত্রণা অনেক সময় মৃত্যুর পরও পিছু ছাড়ে না। এর প্রমাণ মিলল ফের ভারতের বিহারে। শুধু অর্থের অভাবে হাসপাতাল থেকে স্ত্রীর মরদেহ বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে একটা অ্যাম্বুলেন্সও পেলেন না এক বৃদ্ধ। কারণ, হাসপাতাল থেকে বাড়ি পর্যন্ত দেহ নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স ভাড়া আড়াই হাজার রুপি দেয়ার মতো সামর্থ্য ছিল না তার। অপারগ হয়ে মোটরসাইকেলে বসিয়ে স্ত্রীর মরদেহ আঁকড়ে কোনোমতে বাড়ি ফিরলেন বৃদ্ধ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়ার জেলা সদর হাসপাতালে। বছর পঁয়ষট্টির বৃদ্ধ শঙ্কর শাহ বলেন, ‘আমার স্ত্রীর মৃত্যুর পর যখন তার মরদেহ বাড়ি নিয়ে যেতে বলা হল, আমি হাসপাতালের কর্মীদের অনুরোধ করি একটা গাড়ির ব্যবস্থা করে দিতে। কিন্তু ওরা আমায় বলল, ওরা কোনো সাহায্য করতে পারবে না, যা করার নিজেকেই করে নিতে।’ শঙ্কর আরও জানান, এর পর অ্যাম্বুলেন্সের চালককে স্ত্রীর মরদেহ হাসপাতাল থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার অনুরোধ করলে চালক ২৫০০ রুপি (৩১২৮ টাকা) ভাড়া দাবি করে। অনেক অনুরোধেও কাজ হয়নি। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে ছেলে পাপ্পুর মোটরসাইকেলে বসিয়েই স্ত্রীর মরদেহ বাড়ি নিয়ে আসতে বাধ্য হন শঙ্কর। তবে গোটা ঘটনাকে মিথ্যে বলে দাবি করে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার সময় হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স ছিলই না। আর যে অ্যাম্বুলেন্সটির কথা বলা হচ্ছে সেটি অকেজো। রোববার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বিহারে এমন অমানবিক ঘটনা নতুন নয়। দিন দু’য়েক আগেই মুজাফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য একটি মরদেহ ময়লার গাড়িতে করে ঠেলে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।

লন্ডন হামলার দায় স্বীকার আইএস'র

শনিবার রাতে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামি স্টেট (আইএস)। রোববার রাতে আইএস তাদের সংবাদ সংস্থা 'আমাক' এর মাধ্যমে বিবৃতি দিয়ে এ দায় স্বীকার করে। খবর দ্যা গার্ডিয়ান ও বিবিসির। তবে আইএস হামলার দায় স্বীকার করলেও হামলাকারীরা সরাসরি আইএস সদস্য নয়। আইএসের  বিবৃতে বলা হয়, 'আইএস সমর্থিত বিচ্ছিন্ন তিন সৈনিক সফলতার সঙ্গে এ হামলা চালিয়েছে। এটা ধারাবাহিক বার্তার একটি।' শনিবার লন্ডন ব্রিজে গাড়ি হামলা ও পার্শবর্তী বরো মার্কেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এ হামলা চালানো হয়। হামলায় ৭ জন নিহত ও অর্ধশত আহত হয়। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তিন হামলাকারী নিহত হয়। তবে হামলার পর এ পর্যন্ত সন্দেহভাজন হিসেবে ১২জনকে গ্রেফতার করা হয়েছে । পূর্ব লন্ডনের বাকিং ও পার্শবর্তী এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছে,
হামলাকারীদের প্রকৃত পরিচয় পুলিশ উদ্ধার করেছে। তবে তদন্তের স্বার্থে সব কিছু এখনই প্রকাশ করা হবে না। লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার গার্ডিয়ানকে জানিয়েছে, সন্দেহভাজনদের বিষয়ে দ্রুত তদন্ত করা হচ্ছে। তারা কোনো বড় গোষ্ঠির সঙ্গে সংযুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার রাতে একটি সাদা রংয়ের গাড়ি নিয়ে লন্ডন ব্রিজে প্রায় ৫০ কিলোমিটার গতিতে পথচারিদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে পার্শ্ববর্তী বরো মার্কেটে পথচারিদের উপর ছুরি নিয়ে ঝাপিয়ে পড়ে। এ মামলায় এখনো পর্যন্ত ৭জন নিহত ও অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার পর যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা এর তীব্র নিন্দা জানিয়েছেন।

অনেক সহ্য করেছি, আর না: তেরেসা মে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, উগ্রপন্থাকে অনেক সহ্য করেছি, আর না। সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে একত্রিত হবার এখনই সময়। খবর বিবিসির। লন্ডন ব্রিজ ও বারো মার্কেটে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তেরেসা মে রোববার একথা বলেছেন। লন্ডন ব্রিজ ও বারো মার্কেটে শনিবার রাতে যে হামলার ঘটনা ঘটেছে তাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। আহত অন্তত ৪৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওই হামলার পর রোববার ডাউনিং স্ট্রিটে এক ভাষণে প্রধানমন্ত্রী টেরেজা মে বলেন, ব্রিটেনে গত তিন মাসেরও কম সময়ে এটি তৃতীয় সন্ত্রাসী হামলা। প্রথম হামলাটি হয় মার্চ মাসে ওয়েস্ট মিনস্টার ব্রিজে। দুই সপ্তাহ আগে ম্যানচেস্টার অ্যারেনায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। আর গত শনিবার লন্ডনের কেন্দ্রস্থলেই হলো আরো একটি হামলা। তিনি বলেন, এ হামলাগুলোতে সন্ত্রাসীদের যে পরিকল্পনা তা দেখে মনে হচ্ছে এসব হামলা পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয়। কিন্তু সন্ত্রাসী হামলার নতুন নতুন ধরণ দেখছি আমরা। সন্ত্রাসীরা যেভাবে কাজ করছে যেভাবে হামলা চালাচ্ছে তা ব্রিটেন যথেষ্ট সহ্য করেছে, আর নয়। তিনি  সন্ত্রাসী হামলা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনার কথাও জানান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেনের মূল্যবোধ বজায় রেখেই চলতে হবে কিন্তু যখন চরমপন্থা, সন্ত্রাসবাদ প্রতিরোধের বিষয় আসবে তখন কিছু বিষয় পরিবর্তনের কথা ভাবতে হবে। নির্বাচনের চারদিন আগে লন্ডনের কেন্দ্রস্থলে হামলার ঘটনায় রোববার নির্বাচনী প্রচারণাও বন্ধ রেখেছে রাজনৈতিক দলগুলো। সোমবার থেকে আবারও পুরোদমে নির্বাচনী প্রচারণা চলবে এবং নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তেরেসা মে। তিনি ইসলামী চরমপন্থা প্রতিরোধে ৪টি প্রস্তাবনার কথা জানিয়ে বলেন, প্রথমত সাম্প্রতিক হামলাগুলো কোনো একটি নেটওয়ার্কে সম্পৃক্ত নয়, তারা একটি সাধারণ ধারণার অনুসারী। এককভাবে ধ্বংসাত্বক ইসলামী চরমপন্থাকে লালন করে তারা। তারা বলতে চায় স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের পাশ্চাত্য ধ্যানধারণা ইসলামের ধ্যানধারণার পরিপন্থী। এ ধারণা প্রতিরোধ করাই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সেটা শুধু সামরিক শাসন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাদের মানসিকতা পরিবর্তনের মধ্যে দিয়ে সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তেরেসা মে। দ্বিতীয় প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, উগ্রপন্থার এসব ধ্যানধারণা যেন আরও ছড়িয়ে না যায়, তারা যেন কোথাও আশ্রয় না পায় সেই ব্যবস্থা করতে হবে।
ইন্টারনেটনির্ভর সেবাগুলো নিয়ে বিভিন্ন কোম্পানির সঙ্গে একত্রে কাজ করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন,ইন্টারনেটে তারা উগ্রপন্থী কর্মকান্ডের পরিকল্পনা করে। এগুলো রুখতে আন্তর্জাতিক চুক্তি করতে হবে যেখান থেকে এসব নিয়ন্ত্রণ করা হবে। তৃতীয়ত, এসব চরপন্থীদের শুধুমাত্র অনলাইনে বাধা দিলেই হবে না। বাস্তব জীবনেও এসব চরমপন্থীদের নিরাপদ স্থান রয়েছে সেগুলো ধ্বংস করতে হবে। সিরিয়া ও ইরাকে আইএসের অবস্থান নির্মূলে সামরিক অভিযান হচ্ছে। সে ধরনের অভিযান এখানেও হতে হবে। এছাড়া চতুর্থ পরিকল্পনায় তেরেসা মে কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজির কথা উল্লেখ করেন। তাঁর মতে এখনকার সন্ত্রাসী হামলাগুলো আরও বেশি জটিল হয়ে উঠছে। হামলা বা হুমকিগুলোর বিষয়ে ব্রিটেনের 'স্ট্র্যাটেজি' নিয়ে পুনরায় ভাবার সময় এসেছে বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সন্ত্রাসী হামলার ঝুঁকি বিবেচনায় ব্রিটেনে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। তবে ম্যানচেস্টার অ্যারেনায় বোমা হামলার পর যে মাত্রায় সতর্কতা জারি ছিল এবার সেই মাত্রায় জারি করা হয়নি। এদিকে, যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ ও বারা এলাকায় শনিবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলাকারীদের মধ্যে একজনের পূর্ব লন্ডনের ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। ম্যানচেস্টারে হামলার দুই সপ্তাহ পরই লন্ডনে এ হামলা হলো। ম্যানচেস্টারে আত্মঘাতী হামলায় ২২ জন ও এর আগে গত মার্চেই লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় পাঁচজন নিহত হন। মাত্র ১২ দিনের মাথায় শনিবার রাতে লন্ডনের অন্যতম বিনোদন আকর্ষণ লন্ডন ব্রিজে ফুটপাতের পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় সন্ত্রাসীরা। এরপর কিছু দূর এগিয়ে বারা মার্কেট এলাকায় চালায় এলোপাতাড়ি ছুরি হামলা। এতে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। পুলিশের গুলিতে সন্দেহভাজন তিন হামলাকারীও নিহত হয়েছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।

মেডিকেলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় ৫ নম্বর কাটা

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় আগের বছরের এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের মোট নম্বর থেকে পাঁচ নম্বর এবং সরকারি কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ৭ দশমিক ৫ নম্বর কেটে মেধা তালিকা তৈরি করা হবে। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীদের কোটা আগের মতোই ৫০ শতাংশ বহাল থাকবে। এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে বিডিএস-এর কোর্স পাঁচ বছর মেয়াদি হবে। রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আসন্ন ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ,
বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষাকে বিতর্কিত করতে অতীতে গুজব ছড়ানো হতো। কিন্তু গত বছর জোরালো নজরদারি ও সর্বোচ্চ নিখুঁত প্রক্রিয়া অনুসরণ করায় কোনো বিতর্ক সৃষ্টির সুযোগ কেউ পায়নি। আগামীতেও এই মানকে অক্ষুন্ন রাখতে এখন থেকেই প্রস্তুতির কাজ শুরু করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পদক্ষেপ এখন অন্যান্য পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি অনুসরণ করার আগ্রহ দেখাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার মান সুষ্ঠু করার পাশাপাশি বেসরকারি কলেজগুলোর শিক্ষার মান বাড়াতে সরকারের কঠোর মনোভাব ও পদক্ষেপ অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সহায়তা করার জন্য দেশের সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মেডিকেল কলেজে শিক্ষক সংকট দূর করতে চিকিৎসকদের পদোন্নতি প্রক্রিয়া নিয়মিতকরণের উদ্যোগ নেয়ার পাশাপাশি এক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। সভায় জানানো হয়, মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজকে কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ হিসেবে নতুন নামকরণের প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।

সতর্কতা কেন কমানো হল, প্রশ্ন ব্রিটেনে

ব্রিটেনের ম্যানচেস্টার অ্যারেনায় কনসার্টে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার পর দেশজুড়ে জারি করা হয়েছিল সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এটা ছিল ‘ক্রিটিক্যাল লেভেল’ বা সংকটপূর্ণ স্তর। কয়েক দিন আগে সংকটপূর্ণ স্তর থেকে সতর্কতার মাত্রা কমিয়ে আনা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের সরকারের এ সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, সন্ত্রাসী হমলার বিষয়ে সতর্কতার মাত্রা কেন কমানো হল। গোয়েন্দাদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ইন্ডিপেনডেন্ট বলেছে, ম্যানচেস্টার হামলার পর সতর্কতার মাত্রা ক্রিটিক্যাল লেভেলে ওঠানোর কয়েক দিন পরই তা সিভিয়ার বা মারাত্মক স্তরে নামিয়ে আনা হয়। এছাড়া রাস্তাগুলো থেকে নিরাপত্তা বাহিনীকেও সরিয়ে নেয়া হয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানচেস্টার হামলার পর জাতীয় পর্যায়ে সন্ত্রাসী হামলার লেভেল কমিয়ে আনা হয়। ওই হামলার এক সপ্তাহেরও কম সময়ে এবার লন্ডনে হামলা হল। ব্রিটেনে কার্যত চার রকম সন্ত্রাসী হুমকির সতর্কতার মাত্রা রয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হুমকি। উত্তর আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান আর্মির সন্ত্রাসী হুমকি।
একই রকম হুমকি গ্রেট ব্রিটেন থেকেও। এই তিনটি হুমকির কথা প্রকাশ্যে বলা হয়। কিন্তু চতুর্থ মাত্রার হুমকির লেভেল বা মাত্রাটি গোপনই থেকে গেছে। এগুলো হল বিদ্যুৎ কেন্দ্র ও রেল নেটওয়ার্কের মতো জাতীয় অবকাঠামোর ক্ষেত্রে হুমকি। প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের অক্টোবরে লন্ডন আন্ডারগ্রাউন্ডে হুমকির মাত্রা বাড়িয়ে সিভিয়ার বা মারাত্মক পর্যায়ে উন্নীত করা হয়েছিল। ওই সময় গ্রিনিচ অ্যারেনার কাছে টিউব ট্রেনে পাওয়া গিয়েছিল সন্দেহজনক ডিভাইস। আন্তর্জাতিক সন্ত্রাসের হুমকির লেভেল নির্ধারণ করে জয়েন্ট টেরোরিজম এনালাইসিস সেন্টার (জেটিএসি)। ম্যানচেস্টার হামলার পর জেটিএসিই সতর্কতা মাত্রা সংকটপূর্ণ স্তরে ওঠানোর সিদ্ধান্ত নেয়। বিদ্যমান গোয়েন্দা তথ্য পর্যালোচনা বা বিশ্লেষণের ভিত্তিতে তারা সন্ত্রাসী হামলার হুমকির লেভেল উন্নীত নামানোর কাজ করে। তবে ম্যানচেস্টার হামলার মাত্র এক সপ্তাহের মাথায় রোববার বড় ধরনের সন্ত্রাসী হামলার কারণে দেশটির গোয়েন্দাদের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসীরা হামলার শুরুর ১০ থেকে ১৫ পর সশস্ত্র পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। অবশ্য মেট্রোপলিটন পুলিশ পরে দাবি করেছেন, হামলা শুরুর ৮ মিনিট পর ৩ জন হামলাকারীকে তারা গুলি করে হত্যা করে।

১২ ইঞ্চি ছুরি নিয়ে এলোপাতাড়ি কোপ

‘এটা আল্লাহর জন্য’ বলেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করা শুরু করে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হামলাকারীরা। কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানায়, তিনজন হামলাকারী একটি ভ্যানগাড়ি থেকে নেমে লন্ডন ব্রিজসংলগ্ন বোরো মার্কেট এলাকায় অবস্থান করা লোকজনের ওপরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা শুরু করে। এ সময় তারা চিৎকার করে বলছিল, ‘এটা আল্লাহর জন্য।’ ব্রিজে পথচারীদের চাপা দেয়ার পর হামলাকারীরা নিকটবর্তী বোরো মার্কেটে যায়। সেখানে গিয়ে মানুষকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা। পরে পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী। গুলি করে হত্যা করার আগপর্যন্ত মোটামুটি আট মিনিট ধরে চলে হামলা।
বোরো মার্কেট এলাকায় বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বার রয়েছে। রোববার সাপ্তাহিক ছুটির আগের রাত হওয়ায় অনেকেই ওই স্থানে অবস্থান করছিলেন। এদিকে হামলাকারীদের থামানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন এক ট্যাক্সিচালক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ট্যাক্সিচালক টেলিগ্রাফকে জানান, তিনজন সন্দেহভাজন হামলাকারী ১২ ইঞ্চি লম্বা ছুরি নিয়ে এলোপাতাড়িভাবে স্থানীয় লোকজনের ওপর হামলা চালাতে থাকে। তিনি বলেন, ‘আমি তাদের একজনকে আঘাত করতেই যাচ্ছিলাম; কিন্তু সে পাশে সরে গিয়ে নিজেকে সামলে নিল।’

সিয়াম পালনকারী তিনটি শক্তি অর্জন করে

সিয়াম সাধনা ও রমজানকে বিশ্লেষণ করলে দেখা যায়, এ সাধনা সিয়াম পালনকারীকে তিনটি শক্তিতে শক্তিশালী করে। আর এ শক্তিগুলো ব্যক্তি ও সমাজ জীবনে উন্নতি ও সাফল্যের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে।
প্রথম শক্তি হল সহিষ্ণুতা : ধৈর্য সহিষ্ণুতা এমন এক মহৎ গুণ যা মানুষকে পৌঁছে দেয় তার সফলতার চরম বিন্দুতে। সহিষ্ণুতা এমন এক রুহানি শক্তি যা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্রের চেয়েও বেশি কার্যকর হিসেবে প্রমাণিত। রমজানে একজন সিয়াম পালনকারী পানাহার, জৈবিক ক্ষুধা নিবারণসহ বহু বৈধ উপকরণ উপভোগ থেকে বিরত থেকে নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করে চরম সহিষ্ণুতা ও ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে। সে নিজেকে ধৈর্যশীল ও পরমসহিষ্ণু হিসেবে গড়ে তোলে। যে সহিষ্ণুতা তাকে নিয়ে যায় মহাপ্রাপ্তির সোপানে। এ ধৈর্য ও সহিষ্ণুতা ব্যক্তি এবং সমাজ জীবনে বড় প্রয়োজন। আর এর অভাবে আজ সমাজ জীবন বড়ই দুর্বীষহ হয়ে উঠেছে। অধৈর্য আর সহিষ্ণুহীনতায় জন্ম নেয় নানা অপরাধ, মানুষ জড়িয়ে পড়ে পাপাচারে। ঝগড়া-বিবাদ, কলহ-দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, ধোঁকা, প্রতারণ, প্রবঞ্চনাসহ নানা অমানবিক গুণাবলি যা আমাদের সমাজের নিত্যদিনের সঙ্গী, সবই সহিষ্ণুহীনতার ফসল। রমজান ধৈর্য সহিষ্ণুতার পরীক্ষায় উত্তীর্ণ করে একজন মানুষকে খাঁটি মানুষে পরিণত করতে চায়।
দ্বিতীয় শক্তি আনুগত্য : আনুুগত্যের মহাগুণ ও শক্তি একজন সিয়াম পালনকারী তার সিয়াম সাধনার মাধ্যমে নিজের মাঝে প্রতিষ্ঠা করতে পারে। একজন মুসলমান রমজান মাসে পানাহার ও অন্যান্য আরও নানা অভ্যাস থেকে এ জন্যই বিরত থাকে যে এটা আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর নির্দেশ। সে তার আল্লাহ ও রাসূলের আনুগত্যে আরাম ও কষ্ট, সুখ ও দুঃখ কিছুরই পরোয়া করে না। সে জানে, আল্লাহকে নিজের প্রভু বলে স্বীকার করেছে এবং এ অঙ্গীকার করেছে যে, অভাব বা সমৃদ্ধি সুদিন বা দুর্দিন সুখ বা দুঃখ সর্বাবস্থায় অনুগত থাকবে। তাই প্রকৃত অর্থে সিয়াম পালনকারী কোনো বান্দা সেহরির সময় শেষ হওয়ার ১ মিনিট পরে আর পানাহার করে না। আবার ইফতার সময় হওয়ার ১ মিনিট আগেও কিছু খায় না। যদি এর ব্যতিক্রম করে তাহলে তাকে সিয়াম পালনকারী হিসেবে ধরা হয় না। এখানে সে আল্লাহর নির্দেশের সামনে পূর্ণ মাত্রায় নিজেকে সমর্পণ করে অনুগত গোলাম হিসেবে প্রকাশ করছে। সিয়ামের উদ্দেশ্য এটাই, সে যেমন রমজানের এক মাস আল্লাহর আনুগত্যে নিজেকে সপে দিচ্ছে, এভাবে বাকি ১১ মাসও যেন সে আল্লাহর নির্দেশের অনুগত হয়ে জীবন যাপন করে।
তৃতীয় শক্তি শৃঙ্খলা : রমজান মাসে মুসলমানরা বিশেষ একটি নিয়মের অধীনে পানাহার করে, নিদ্রায় যায় ও জাগ্রত থাকে। রমজান মাসে মুসলিম সমাজ একই নিয়মে আবর্তিত হয়। সিয়াম পালনকারী দিবাভাগে অভুক্ত থাকে ও সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করে, এশা, তারাবি ও ফজরের নামাজ সবই একটি নিয়মের অধীনে আদায় করে। এ সময় গোটা মুসলিম সমাজে একটি সুশৃঙ্খল ও পরিপাটি পরিবেশ বিরাজ করে। দুনিয়ার আর অন্য কোনো জাতি বা ধর্মে এমন শৃঙ্খলা দেখা যায় না। যে নিয়মের অধীনে ছোট-বড়, ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত, রাজা-প্রজা সবাই সমান হয়ে যায়। এ তিনটি চারিত্রিক শক্তি একজন মুসলমানের মাঝে সৃষ্টি করে সিয়াম সাধনা। এ শক্তিতে যদি মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয় তাহলে সব অপশক্তি হবে পরাভূত আর মুসলিম জাতি হবে সফল।
লেখক : সায়খুল হাদীস, খতিব ও প্রাবন্ধিক।

সাভারে জমি দখল করতে গিয়ে যুবলীগ নেতা বাদশা নিহত

সাভারে জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় পৌর যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সাল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার দুপুরে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে। সাভার পুলিশ জানায়, দুপুরে পৌর যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সালসহ ১০ জন জামসিং এলাকার কাদের বাহিনীর পক্ষে স্থানীয় ইয়াকুবদের চল্লিশ শতাংশ জমি দখল করতে যান। এ সময় প্রতিপক্ষরা একজোট হয়ে সিএম বাদশা ফয়সালের ওপর টেঁটা নিক্ষেপ করে। এতে সিএম বাদশা ফয়সালসহ আহত হন ১০ জন। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সালকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে খবর পেয়ে সাভার থানা পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান। সিএম বাদশা ফয়সাল সাভারের ইমান্দিপুরের সৈয়দুজ্জামানের ছেলে। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা করা হয়েছে।

অবশেষে মহাকাশে ‘ব্র্যাক অন্বেষা’

শেষ হল বহুল প্রতীক্ষার প্রহর। রোববার মধ্যরাতে মহাকাশে পাড়ি দিল বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’। ব্র্যাক অন্বেষা দলের দেয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ব্র্যাক অন্বেষা দল আরও জানায়, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছানো ও ন্যানো স্যাটেলাইটটি কক্ষপথে স্থাপনের তথ্য পরে যথাসময়ে জানানো হবে। বাংলাদেশ সময় রাত ৩টার দিকে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সিআরএস-১১ অভিযানে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটে করে এই ন্যানো স্যাটেলাইট পাঠানো হয়। উৎক্ষেপণের ঠিক আগ মুহূর্তে নাসার বিবৃতিতে বলা হয়, ‘ফ্লোরিডায় আমাদের কেনেডি স্পেস সেন্টার থেকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় স্থানীয় সময় বিকাল ৫টা ৭ মিনিটে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হবে।’ জাপানে বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম অন্তরা, আবদুল্লা হিল কাফি ও মাইসুন ইবনে মানোয়ার ব্র্যাক অন্বেষা নামে ন্যানো স্যাটেলাইটটি তৈরি করেন। উৎক্ষেপণের পর এক ভিডিও পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। 
ভিডিওতে মাইসুন বলেন, এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছানোর পর একে কক্ষপথে স্থাপন করা হবে। তারপর আমরা এটি থেকে সিগন্যাল পাওয়া শুরু করলেই পুরো কাজ সম্পন্ন হবে। বাংলাদেশের ন্যানো স্যাটেলাইট যাত্রা গবেষক ড. আরিফুর রহমান খানের হাত ধরেই শুরু। উৎক্ষেপণের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘মহাকাশে বাংলাদেশ...।’ আইএসএস থেকে ন্যানো স্যাটেলাইটটি স্থাপন করা সেই ‘সবচেয়ে প্রত্যাশিত’ দিনটি এক সপ্তাহের মধ্যে জানা যাবে বলে আশা প্রকাশ করেন কাফি। উচ্ছ্বসিত কণ্ঠে অন্তরা বলেন, ‘বাংলাদেশিদের হাতে তৈরি স্যাটেলাইট মহাকাশে গেছে, এর চেয়ে বেশি আনন্দ আর কী হতে পারে?’ এদিকে ন্যানো স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে ইতিমধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের ৪ নম্বর ভবনে বানানো হয়েছে গ্রাউন্ড স্টেশন। সামনে পরিকল্পনার ব্যাপারে গ্রাউন্ড স্টেশন নির্মাতা দলের দলনেতা মোহাম্মদ সৌরভ বলেন, ‘এবার হয়েছে মেইড বাই বাংলাদেশ, আমাদের ইচ্ছা সামনে মেইড ইন বাংলাদেশ স্যাটেলাইটও হবে।’

দুই মিনিটের দূরত্ব পার হতে দেড় ঘণ্টা!

বাস কিংবা ব্যক্তিগত গাড়িতে কুড়িল চৌরাস্তা থেকে নতুনবাজার পর্যন্ত যেতে সময় লাগে বড়জোর দুই মিনিট। অথচ এখন এ দূরত্ব পাড়ি দিতে ঘণ্টা পার হয়ে যাচ্ছে। এ নিয়ে ভুক্তভোগী যাত্রীসাধারণের ক্ষোভ-অসন্তোষের শেষ নেই। কারণ রাস্তা খোঁড়াখুঁড়ি। ড্রেন কেটে দিনের পর দিন ফেলে রাখা হয়েছে। রাস্তার ওপর ইট-বালুর স্তূপ। এদিকে আমজনতার নাভিশ্বাস। কিন্তু কে শোনে কার কথা। উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিদের অজুহাতের শেষ নেই। এই যখন অবস্থা, তখন ভুক্তভোগী জনসাধারণ দুষছেন সিটি মেয়রকে। লম্বা যানজটে আটকা পড়া হাজার হাজার মানুষ শুধু হাঁসফাঁস করছেন আর বলছেন, কোথায় মেয়র সাহেব। তিনি কী এ দৃশ্য দেখেন না। এমন দুর্ভোগের খোঁজখবর নিতে রোববার যুগান্তর প্রতিবেদক সরেজমিন ভুক্তভোগী অনেকের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের মুখে এমন সব তির্যক মন্তব্য শোনা যায়। তারা বলেন, দৈনন্দিন কাজে প্রতিদিন গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু এখন যা দেখছি তাতে দু’মাস কেন, আরও তিন মাসেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই। এ অবস্থায় সংকট নিরসনে সিটি মেয়র যদি ত্বরিত পদক্ষেপ না নেন তাহলে তাদের রাস্তায় নেমে প্রতিবাদ জানানো ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না।
তাদের প্রশ্ন- সারা বছর ফাঁকা রেখে কেন রোজার মাসে সাধারণ মানুষকে এভাবে কষ্ট দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অপরিকল্পিত সমন্বয়হীন উন্নয়ন কাজের কারণে জনগণের এই ভোগান্তি। সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সাধন করে কাজ না করার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। দুই মাস ধরে বসুন্ধরা গেট সংলগ্ন অংশে অর্ধেক সড়ক খুঁড়ে ফেলে রাখা হয়েছে। এখানে পাইপ লাইন বসানোসহ সড়ক দ্বীপ ও ফুটপাতের উন্নয়ন কাজ করা হচ্ছে। মন্থরগতির কাজের কারণে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি করছে। সড়কের অপরাংশের ড্রেন এবং ফুটপাতের উন্নয়ন কাজের কারণে সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে উন্নয়ন কাজের প্রকল্প পরিচালক প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহ যুগান্তরকে বলেন, সেবা সংস্থার লাইন অপসারণ নিয়ে জটিলতার কারণে কাজের গতি কিছুটা কমেছে। সেটা সমাধানের প্রচেষ্টা চালাচ্ছি আমরা। দ্রুততম সময়ের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান করে দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব হবে। সরেজমিন দেখা গেছে, রোববার সকাল ৯টা থেকে যানজটের তীব্রতা বাড়তে থাকে। দুপুর ১২টা নাগাদ যানজট আরও তীব্র আকার ধারণ করে। এভাবে গভীর রাত পর্যন্ত সীমাহীন জনদুর্ভোগে পড়ে ভুক্তভোগীদের ত্রাহি অবস্থা। বসুন্ধরা গেট বরাবর পানি নিষ্কাশন ড্রেনের কাজ চলার কারণে ওই অংশের সড়ক খুবই সরু হয়ে পড়েছে। আর সড়কের ওপর রাখা হয়েছে ইট, খোয়া, সুরকি ও বালু। এরই মধ্য দিয়ে কোনো রকম করে চলছে পরিবহনগুলো। আরও দেখা গেছে, নর্দা ফুটওভার ব্রিজের নিচের সড়কের একাংশ অবৈধ দখলদারদের দৌরাত্ম্য। এছাড়া কিছু অংশে জলাবদ্ধতাও লক্ষ্য করা গেছে। এর বাইরে নর্দা থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাতের একাংশে রাখা হয়েছে সড়ক নির্মাণ, সংস্কার ও ফুটপাত উন্নয়নের বিভিন্ন সামগ্রী। ফলে এ অংশের সড়কেও চলাচল করা খুবই দুষ্কর হয়ে পড়েছে। যানজটে ঠাঁই দাঁড়িয়ে থাকা আকিক পরিবহনের গাড়িচালক আমিনুর রহমান যুগান্তরকে বলেন, কুড়িল চৌরাস্তা থেকে নতুনবাজার পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে আগে সময় লাগত ২ মিনিট। আর এখন লাগে এক থেকে দেড় ঘণ্টা। কখনও এর চেয়েও বেশি সময় লাগছে। কুড়িল চৌরাস্তা এলাকার রিকশাচালক মুসলেহ উদ্দিন যুগান্তরকে বলেন, সিটি কর্পোরেশন কী উন্নয়ন কাজ করছে, মানুষের ভোগান্তির শেষ নেই। ২ মিনিটের দূরত্ব পাড়ি দিতে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা। একটি ট্রিপ দিয়ে ফিরে আসতে যানজটের ধকল সামলে যেতে কাহিল হয়ে পড়ছি। কুড়িল এলাকায় কর্মরত বেসরকারি কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা আয়নাল হক যুগান্তরকে বলেন, অফিসের কাজ শেষ করতে রাত ১০টা বাজে। সেই সময় বের হয়েও এ এলাকা পার হতে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগে। তিনি বলেন, দুই মাস ধরে এ ভোগান্তি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এ ভোগান্তির শেষ কোথায়, এভাবে কতদিন পথ চলা যায়। বিকল্প ব্যবস্থা থাকলে আমরা সেটাই বেছে নিতাম, কিন্তু সে রকম তো কোনো পথ নেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়নসহ নর্দমা-ফুটপাত মেগা প্রকল্পের আওতায় নতুনবাজার থেকে বসুন্ধরা গেট পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ করা হচ্ছে। প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এপ্রিলের শুরু থেকে এ সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জনি এন্টারপ্রাইজ। কাজের মেয়াদকাল ডিসেম্বর পর্যন্ত। জনসাধারণের প্রশ্ন, এটুকু কাজ শেষ করতে এত সময় লাগার কথা নয়। কিন্তু সিটি কর্পোরেশনের মন্থরগতিতে কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ সুযোগ করে দিয়েছে। ব্যস্ততম এ সড়কে এত ধীরগতির উন্নয়ন কাজ করলে মানুষের ভোগান্তির শেষ থাকে না। সেই ভোগান্তি হাড়ে হাড়ে টের পাচ্ছেন প্রগতি সরণি সড়কে চলাচলকারীরা। এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান জনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দীলিপ কুমার ঘোষ যুগান্তরকে বলেন, নতুন বাজার থেকে বসুন্ধরা গেট পর্যন্ত সড়কের পাইপ স্থাপন কাজ প্রায় শেষ। এখন বালু ভরাটের কাজ চলছে। কয়েক দিনের মধ্যে বালু ভরাট কাজ শেষ হবে। তবে এরপরও সড়কের এ অংশ ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে না। প্রকৌশল কাজের পদ্ধতি অনুযায়ী সড়কের খননকৃত অংশের মাটি মজবুতভাবে বসতে এক থেকে দেড় মাস সময় লাগে। তবে এর আগে ভারি বর্ষা হলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়নসহ নর্দমা-ফুটপাত মেগা প্রকল্পের পরিচালক সৈয়দ কুদরত উল্লাহ যুগান্তরকে বলেন, ঢাকা শহরে সেবা সংস্থাগুলোর সংযোগ লাইন বিচ্ছিন্নভাবে রয়েছে। নতুনবাজার থেকে বসুন্ধরা গেট পর্যন্ত অংশের পাইপ লাইন বসানোর কাজ করতে গিয়ে পানি-বিদ্যুৎ-গ্যাস সরবরাহ লাইন ঠিক করতে গিয়ে আমরা বেশ কিছু পয়েন্টে কঠিন সমস্যার মুখোমুখি হয়েছি। বিদ্যমান অবস্থায় সেখানকার কাজ করা সম্ভব হচ্ছে না। এ কারণে আমরা প্রকৌশলীরা ওই এলাকার বিদ্যমান সমস্যা সমাধানের প্রচেষ্টা চালাচ্ছি। আমরা আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে বিকল্প পন্থা বের করে ওই সমস্যাগুলোর সমাধান করতে পারব।

বাজেট পর্যালোচনার পর্যালোচনা

বাংলাদেশে বাজেট ঐতিহ্যগতভাবে নমিনাল টার্মে ইনক্রিমেন্টাল পদ্ধতিতে প্রণীত হয়। নমিনাল টার্মে প্রতিবছর বাজেটের আকার বৃদ্ধি পায়। জিডিপি এবং মূল্যস্ফীতির প্রবৃদ্ধি যোগ করে যা হয়, মূলত তার ওপর ভিত্তি করেই বাজেটের ইনক্রিমেন্ট ধরা হয়। কারণ এটা না ধরলে দেখা যাবে রিয়াল টার্মে আসলে আকার বাড়েনি কিংবা অর্থনৈতিক অগ্রগতি হয়নি। যেখানে ছিলাম, যেন সেখানেই রয়ে গেছি। তাছাড়া বাজার প্রভাবিত (market dominated) কিংবা কল্যাণমুখী (welfare oriented) উভয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় ভোক্তা বা জনকল্যাণে কতদূর অগ্রসর হওয়া গেছে তা বোঝানোর জন্য বাজেটের আকার বাড়ানোর রেওয়াজ রয়েছে। গত বছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার জায়গায় এবার ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে, প্রবৃদ্ধি ১৮ শতাংশ। এবারের প্রবৃদ্ধিটা তুলনামূলকভাবে অতীতের চেয়ে বেশি ধরা হয়েছে। আমাদের বিনিয়োগ কম অথচ অর্থনীতি প্রসারিত হচ্ছে, তাই অধিক বিনিয়োগের জন্যও বাজেট বড় হতে হয়। তবে এই বড় বাজেট তখনই উচ্চাভিলাষী বলে সমালোচনার যোগ্য হয়, যখন দেখা যায় বাজেট বড় ধরা হলেও তা সঠিকভাবে বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন না হওয়ার কারণে সম্পদ ব্যবস্থাপনায় যে বিচ্যুতি, যে অপব্যয়, রাজস্ব আহরণে যে অপ্রাকরণিক চাপ সৃষ্টি হয় সেটিই সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়। জাতীয় বাজেটে ব্যয়ের প্রাক্কলন আগে করা হয়। ওই অনুযায়ী অভ্যন্তরীণ সম্পদ জোগানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। ব্যয় বাজেটের পুরোপুরি বাস্তবায়ন করা না গেলে বাজেট বাস্তবায়নোত্তর যেসব উন্নয়নসূচক প্রত্যাশা করা হয়েছিল, তা আসবে না। চলতি অর্থবছরের সংশোধিত এবং আগামী অর্থবছরের এডিপিতে দেখা যাচ্ছে অধিকাংশ মন্ত্রণালয়ের বরাদ্দ কমিয়ে যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অস্বাভাবিক পরিমাণ বরাদ্দের সমাহার ঘটানো হয়েছে।
গুণগতমান বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে এত অল্প সময়ে এত বিপুল পরিমাণে অর্থব্যয়ের ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হবে তা অবশ্যই অর্জনযোগ্য হতে হবে। কেননা এই আয়ের ওপরই ব্যয় বাস্তবায়ন নির্ভরশীল। এর আরও একটি ব্যাখ্যা আছে। এডিপির মাধ্যমে সরকারি খাতের বিনিয়োগ এবং বেসরকারি বিনিয়োগ উভয়ই অর্থনীতির জন্য আয়। অর্থাৎ বিনিয়োগ ব্যয়ই অর্থনীতির আয়। সরকারি এবং বেসরকারি খাতে বিনিয়োগ না হলে অর্থনীতির আয়ও হবে না। অর্থনীতির আয় না হলে রাজস্ব অর্জন হবে না। ১০০ টাকার এডিপি বাস্তবায়ন করলে সরকার গড়ে ৩০ টাকার মতো রাজস্ব পায়। অর্থাৎ এডিপি বাস্তবায়ন হলে রাজস্ব আয়ও হয়। তাই এডিপি বাস্তবায়ন না করা গেলে বা যথাযথভাবে ব্যয়িত না হলে রাজস্ব আয় হবে না। এটা পরস্পর সম্পর্কযুক্ত। রাজস্ব আয় করা গেলে এডিপি বাস্তবায়ন সহজ হবে, এটা যেমন সত্যি, তেমনি এডিপি বাস্তবায়ন না হলে রাজস্ব আয়ও হবে না। সুতরাং আয়-ব্যয় দুই ক্ষেত্রেই বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে। কর-জিডিপি অনুপাত কাক্সিক্ষত (জিডিপির ১৬/১৭ ভাগ) পর্যায়ে পৌঁছানো অবধি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বড় করার মধ্যে যুক্তি আছে, তবে দেখতে হবে সেটা অর্জন করার উপযুক্ত পদক্ষেপ ও প্রস্তুতি নেয়া হয়েছে কিনা। গত ২-৩ বছরে দেখা গেছে রাজস্ব প্রবৃদ্ধি ১২-১৩ শতাংশের বেশি হচ্ছে না (চলতি বছরে এ হার কয়েক শতাংশ বাড়তে পারে), সেখানে লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধি ধরা হচ্ছে ৩৪ শতাংশের বেশি। এটা বিশাল একটা ব্যবধান। যদি রাজস্ব বৃদ্ধি করা যায়, তাহলে ঠিক আছে। উপযুক্ত পথ-পন্থা নিয়ে অগ্রসর না হলে রাজস্ব আহরণ-আয় পরিস্থিতিতে টানাপোড়েন তৈরি হবে। বাজেটের ফিগার বা টার্গেট নিয়ে তর্ক-বিতর্কের চেয়ে ওই টার্গেট পূরণে কতটা যুক্তিযুক্ত ও কার্যকর কর্মসূচি নেয়া হয়েছে সে দিকে নজর দেয়া জরুরি। যেমন এবার বলা হচ্ছে ভ্যাটের আওতা ও হার বাড়বে। এর ফলে গত দু’বছর আয়কর প্রাধান্যে আসার পথে থাকলেও এবার ভ্যাট আবার সে জায়গায় নিতে যাচ্ছে। প্রস্তাবিত বাজেটে আয়করের লক্ষ্যমাত্রা ৮৫ হাজার কোটি টাকা, ভ্যাটের লক্ষ্যমাত্রা সেখানে ৯১ হাজার কোটি টাকা। এটি সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় অসামঞ্জস্য পরিস্থিতি নির্দেশ করে। বর্ধিত ভ্যাট আহরণের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা তা দেখতে হবে। প্রকৃত প্রস্তাবে বাজেটে আগের ভ্যাট আইন ও নতুন আইনের মিশ্রণ ঘোষণা করা হয়েছে। আগের আইনে যা কিছু ছিল, সেখান থেকে কোনটা কেন রাখা হল তা এখনও স্পষ্ট হয়নি। করের আপাতন কোথায় বাড়ল কিংবা কোথায় কমল, তা এখনও পরিষ্কার নয়।
অথচ মূল্যস্ফীতিতে অগোছালো কর আপাতনের প্রভাব অবশ্যই পড়বে। শুধু কর কাঠামোর কারণেই নয়, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিও মূল্যস্ফীতি উসকে দিতে পারে। এর ফলে মধ্যবিত্ত ও নিন্মবিত্তের ওপর চাপ তৈরি হবে। এটা প্রণিধানযোগ্য যে, মূল্যস্ফীতি বাড়লে তার প্রভাব পড়বে জিডিপি প্রবৃদ্ধির ওপর। সামগ্রিকভাবে বাজেটে যে আয় ও ব্যয় ধরা হয়েছে, তা বাস্তবায়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অবর্তমানে শুধু প্রশাসনিক ব্যবস্থাপনা দিয়ে দক্ষতার সঙ্গে বাজেট বাস্তবায়ন কঠিনতর। বাজেট সফলভাবে বাস্তবায়নে জনপ্রতিনিধিদের যুক্ত করার যৌক্তিকতা সত্ত্বেও বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা না থাকলে বাজেট বাস্তবায়ন গজেন্দ্রগামী হয়ে পড়বে। আগামী অর্থবছরে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ সহায়তা ব্যবহারের লক্ষ্যমাত্রা (৫৭ ভাগ প্রবৃদ্ধি) ধরা হয়েছে, যা অবাস্তব মনে হতে পারে এ জন্য, গত চার বছর মিলেও এ পরিমাণ বৈদেশিক সাহায্য ব্যবহৃত হয়নি। সাধারণত বাজেটে যেসব লক্ষ্যমাত্রা দেয়া থাকে তার সঙ্গে অর্জনের বড় ধরনের পার্থক্য দেখা গেলে সে বাজেটকে পরাবাস্তব কাঠামো বলা হয়। গত ১০ বছরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, শেষ মাসে ২২ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। এটি কীভাবে সম্ভব এবং কেন শেষ মাসে সব অর্থছাড় হবে? শুধু জিডিপি প্রবৃদ্ধি বাড়লেই অর্থনীতি উন্নয়নের সড়কে আছে বলা যায় না, কেননা প্রবৃদ্ধি দিয়ে বেকারত্ব দূর না হলে, কর্মসংস্থান সৃষ্টি না হলে, গুণগত ব্যয়ে সম্পদ ও সেবা সৃষ্টি না হলে তা তাৎপর্যপূর্ণ বা পুষ্টিকর হবে না। প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থান বাড়ছে না। কর্মসংস্থান সৃষ্টিতে শ্লথগতি দেখা যাচ্ছে। শিল্প খাতে নারীদের কর্মসংস্থান কমে গেছে। কর্মসংস্থান যে পদ্ধতিতে গণনা করা হচ্ছে, তা সঠিক কিনা সে নিয়ে প্রশ্ন উঠছে। প্রস্তাবিত বাজেটে আসন্ন অর্থবছরে প্রকৃত মজুরি হ্রাসের ফলে সৃষ্ট ক্রয়ক্ষমতার ওপর চাপ, প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা, প্রকৃত খাতগুলোর প্রবৃদ্ধিতে মন্থরগতি ও সামাজিক খাতে ব্যয় হ্রাসের সংকট মোকাবেলার জন্য সুুস্পষ্ট নীতিমালার ঘাটতি পরিলক্ষিত হয়েছে। এগুলো বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান কর কাঠামো অপ্রগতিশীল এবং সংকীর্ণ ভিত্তির ওপর দাঁড়াবে,
যদি কর পরিহার ও কর ফাঁকি নিত্য ঘটনায় পরিণত হয়। এতে বণ্টনমূলক ন্যায্যতার অভাব ফুটে উঠবে এবং তা আয়বৈষম্য বাড়াবে। প্রস্তাবিত বাজেটে ১ লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকার ঘাটতি পূরণের লক্ষ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬০ হাজার ৩৫২ কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে ৪৫ হাজার ৪২০ কোটি ও অনুদান থেকে ৫ হাজার ৫০৪ কোটি টাকা সংগ্রহ করার কথা বলা হয়েছে, যার প্রভাবে বিনিয়োগযোগ্য অর্থ হ্রাস পেতে পারে ও সুদ পরিশোধের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। প্রাতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধি ও রাজনৈতিক সুবিধাবাদ দূর করা ছাড়া সাধারণ জনগণের করের টাকায় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে মূলধন জোগান দেয়া অব্যাহত থাকলে এ খাতে আর্থিক লুট ও কেলেঙ্কারি আস্থাহীনতার দ্যোতক হিসেবে প্রকাশ পাবে। বিশাল অনুন্নয়ন ও প্রকল্প ব্যয়ে অর্থের জোগান দিতে গিয়ে ভ্যাটের মতো পরোক্ষ করের ওপর নির্ভরতা বাড়ানোয় মূল্যস্ফীতি বেড়ে গিয়ে জীবনযাত্রার মান নিন্মমুখী হওয়ার আশঙ্কা প্রবল হবে। সরকারি বরাদ্দ কম থাকার ফলে স্বাস্থ্য খাতে ব্যক্তিগত ব্যয় বেড়ে যাচ্ছে। ২০০৯-১০ অর্থবছরে যেখানে এ খাতের উন্নয়নে বরাদ্দের আকার মোট উন্নয়ন ব্যয়ের ৯ দশমিক ৭ শতাংশ ছিল, সেখানে আগামী অর্থবছরের জন্য বরাদ্দের পরিমাণ ৬ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতেও উন্নয়ন ব্যয় বরাদ্দের পরিমাণ ক্রমেই কমছে। প্রকৃত খাতগুলোর মধ্যে কৃষি ও শিল্প খাতে প্রবৃদ্ধি মন্থর থাকা সত্ত্বেও মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির যে ঊর্ধ্বমুখিতা দেখানো হয়েছে, তা সঙ্গতিহীন ও প্রশ্নসাপেক্ষ। এ ছাড়া এ প্রবৃদ্ধির সুফল জনগণের মধ্যে সমবণ্টিত নয়। এ কারণে ২০১০-১১ সাল থেকে প্রকৃত মজুরি ক্রমশ কমেছে।
ড. মোহাম্মদ আবদুল মজিদ : উন্নয়ন অর্থনীতি বিশ্লেষক

ঐশীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট

স্ত্রীসহ পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া তাদের মেয়ে ঐশী রহমানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ৭ মে এ মামলার ডেথ রেফারেন্স ও দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ঐশী রহমানের করা আপিলের ওপর শুনানি নিয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন তাদের মেয়ে ঐশী রহমান গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করে। ২০১৪ সালের ৯ মার্চ ঐশীসহ ৪ জনকে অভিযুক্ত করে পৃথক দুটি চার্জশিট দাখিল করে পুলিশ। গত বছরের ৬ মে ঐশীসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুটি খুনের জন্য পৃথক দুটি অভিযোগ গঠন করা হয়। ২০১৫ সালের ১২ নভেম্বর এ মামলার বিচার শেষে ঐশী রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। দুটি অপরাধের জন্য আলাদা আলাদা করে ঐশীকে দুইবার ফাঁসি ও দু’বারে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলার অন্য আসামি ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে খুনের ঘটনার পর ঐশীদের আশ্রয় দেয়ার অপরাধে দু’বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ঐশীর আপিলের রায় আজ

স্ত্রীসহ পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে তাদের সন্তান ঐশী রহমানের করা আপিলের ওপর আজ রায় দেবেন হাইকোর্ট। রোববার সম্পূরক কার্যতালিকায় বিষয়টি আদেশের জন্য এলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন এ দিন ধার্য করেন। এর আগে গত ৭ মে হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ঐশী রহমানের করা আপিলের ওপর শুনানি শেষ হয়। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন তাদের মেয়ে ঐশী রহমান গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করে। ২০১৪ সালের ৯ মার্চ ঐশীসহ ৪ জনকে অভিযুক্ত করে পৃথক দুটি চার্জশিট দাখিল করে পুলিশ। গত বছরের ৬ মে ঐশীসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুটি খুনের জন্য পৃথক দুটি অভিযোগ গঠন করা হয়। ২০১৫ সালের ১২ নভেম্বর এ মামলার বিচার শেষে ঐশী রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। দুটি অপরাধের জন্য আলাদা আলাদা করে ঐশীকে দুইবার ফাঁসি ও দু’বারে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলার অন্য আসামি ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে খুনের ঘটনার পর ঐশীদের আশ্রয় দেয়ার অপরাধে দু’বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এইচএসসিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে (এইচএসসি) ভর্তিতে মনোনীত শিক্ষার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। রোববার রাত ১২টা ১ মিনিটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘোষণা অনুযায়ী প্রথম তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। আশফাকুস সালেহীন আরও জানান, মনোনীত শিক্ষার্থীদের তালিকা কলেজে ভর্তির সরকারি ওয়েবসাইট (http://www.xiclassadmission.gov.bd/) থেকে জানা যাবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএস দিয়েও মনোনিত শিক্ষার্থীদের ফল জানিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন এ শিক্ষা কর্মকর্তা। তিন জানান, আদেনকারীদের মধ্যে ৯৫ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী প্রথম তালিকায় স্থান পেয়েছেন, বাকিরা দ্বিতীয় এবং তৃতীয় তালিকায় আসবেন। আগামী ১৩ জুন দ্বিতীয় এবং ১৮ জুন তৃতীয় তালিকা প্রকাশ করা হবে। এদিকে কলেজে ভর্তির ওয়েবসাইটে বলা হয়েছে, “মনোনীত আবেদনকারীদের আগামী ৮ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে ১৮৫ টাকা টেলিটক, শিওর ক্যাশ অথবা রকেটের মাধ্যমে জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। অন্যথায় মনোনয়ন ও ভর্তির আবেদন বাতিল হবে।” গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

ইউনেস্কোর সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা সম্মেলনে সভাপতি বাংলাদেশ

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক বৈচিত্র্য সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। রোববার ইউনেস্কোর সদর দফতর প্যারিস থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিষয়টি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এবারই প্রথম ইউনেস্কোর কোনো সম্মেলনে বাংলাদেশ সভাপতি হয়েছে। ‘ষষ্ঠ আপকামিং সেশন অব দ্য কনফারেন্স অব পার্টিস টু দ্য কনভেনশন অন দ্য প্রটেকশন অ্যান্ড প্রমোশন অব দ্য ডাইভারসিটি অব কালচারাল এক্সপ্রেশন্স’ শীর্ষক সম্মেলনটি ১২ থেকে ১৫ জুন প্যারিসে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করার জন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে আমন্ত্রণ জানানো হয়েছে। মূল কনফারেন্সটি ১২ থেকে শুরু হলেও এ বিষয়ে প্রস্তুতিমূলক সভা ও আনুষঙ্গিক কার্যক্রম শুরু হবে ৮ জুন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৪টি দেশের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে সম্মেলনের সভাপতি পদের জন্য নির্বাচিত করেছেন।

আওয়ামী লীগ নয় বিএনপির পায়ের নিচেই মাটি নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছে। শোষিত-বঞ্চিত মানুষের জন্য কথা বলতেই এ দলের জন্ম হয়েছে। পক্ষান্তরে বিএনপি দেশকে পিছিয়ে দিয়েছে। সংবিধান ক্ষতবিক্ষত করাসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করেছে। আর এ দলটির জন্ম ক্ষমতার উচ্ছিষ্ট থেকে। অবৈধভাবে জন্ম নেয়া এবং অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের জন্ম, সেই দলের (বিএনপি) পায়ের নিচে মাটি থাকে না, সেটিই হল বাস্তবতা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘আওয়ামী লীগের পায়ের নিচে নাকি মাটি নেই’ বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সভাপতি। প্রধানমন্ত্রী বলেন, ১৯৪৯ সালে এদেশের মাটি ও মানুষের মধ্য দিয়ে, জনগণের অধিকার আদায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগের শিকড় এদেশের মাটির অনেক গভীরে। প্রস্তাবিত বাজেটে কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধানের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট আমরা দিয়েছি।
এ বাজেট নিয়ে অনেক আলোচনা চলছে। বাজেটে কোনো সমস্যা থাকলে সংসদে আলোচনা হবে। আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে। জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে ঘোষণা দিয়ে তিনি বলেন, যারা আন্দোলনের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, যারা মানুষ পুড়িয়ে হত্যার হুকুম দিয়েছে- বাংলার মাটিতেই তাদের বিচার করা হবে। কেউ-ই রেহাই পাবে না। বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক ও ডিইউজে সভাপতি শাবান মাহমুদ। সংক্ষিপ্ত আলোচনা শেষে বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। নবম ওয়েজবোর্ড ঘোষণা সংক্রান্ত সাংবাদিক ইউনিয়ন নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার ইতিবাচক অবস্থান তুলে ধরে বলেন, আমরা এরই মধ্যে নবম ওয়েজবোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছি। কিন্তু মালিক পক্ষ থেকে তাদের প্রতিনিধি না দেয়ায় প্রক্রিয়া থেমে আছে। এখানে সরকারের কোনো দোষ নেই। এখানে অনেক গণমাধ্যম মালিক রয়েছেন। আপনাদের বলব, আপনারা প্রতিনিধি দিন। প্রতিনিধি পেলেই আমরা ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করব। আর ইলেকট্রুনিক গণমাধ্যমকেও এ নবম ওয়েজবোর্ডের আওতায় আনতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতাই শুধু নয়, মাতৃভাষা বাংলার অধিকার এনে দিয়েছে। একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে জন্ম রাজনৈতিক দল নয়। তখন অন্য কোনো রাজনৈতিক দল এদেশে ছিল না। বিএনপির জন্মই অবৈধ উল্লেখ করে তিনি বলেন, সংবিধান লঙ্ঘন করে প্রথমে অবৈধভাবে ক্ষমতা দখল এবং ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে সৃষ্ট রাজনৈতিক দলই হচ্ছে বিএনপি। এদেশের মাটি ও মানুষের মধ্যে থেকে এ দলটির জন্ম হয়নি। নীতিহীন সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ক্ষতিকর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নীতিহীন সাংবাদিকতা কিংবা হলুদ সাংবাদিকতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ সময় বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, নীতিহীন রাজনীতি দেশ ও জাতিকে কিছু দিতে পারে না। তেমনি নীতিহীন সাংবাদিকতা দেশের কোনো কল্যাণ করতে পারে না, বরং অনেক ক্ষেত্রে সমাজকে ক্ষতিগ্রস্ত করে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাংবাদিক হত্যাসহ অত্যাচার-নির্যাতনের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় সাংবাদিকরা সত্যিই এক বিভীষিকাময় অবস্থা পার করেছেন। শত শত সাংবাদিক অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন। অসংখ্য সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেও ওই সময় একটি সাংবাদিক হত্যার বিচার করা হয়নি। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের যেমন বিচার করেছি ও করছি, তেমনি প্রতিটি সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিয়েছি। অন্যায় করে কেউ পার পাবে না। আত্মবিশ্বাস নেই বলেই বিএনপি নেত্রী মামলা মোকাবেলা করতে ভয় পান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থাকতে বিএনপি নেত্রী এতিমের টাকা মেরে খেয়েছেন।
সেই মামলা মোকাবেলা করতে উনি ভয় পান। মামলাকে বিলম্বিত করতে ১৪৬ বার রিটসহ নানা প্রকারে সময় চেয়েছেন। তার কিসের এত ভয়? সরকারপ্রধান এ সময় আরও বলেন, মানুষ পুড়িয়ে মারার অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিচার হবে, হুকুমদাতাসহ সবার বিচার হবে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, সিনিয়র সাংবাদিক রাহাত খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সিনিয়র সহসভাপতি যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির মোজাম্মেল বাবুসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান খান, সানজিদা খানম এমপি, ওয়াসার পরিচালক হাসিবুর রহমান মানিক প্রমুখ। বিকাল ৬টার বেশ কিছু সময় আগেই ইফতার মাহফিলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পুরো প্যান্ডেল ঘুরে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
 
Back To Top