Last Update
http://goo.gl/LG0Hw5

Tuesday, April 18, 2017

সিংড়ায় শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা

নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে সালামত আলী (৩৫) নামের এক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সালামত আলী ছাতারদীঘি গ্রামের কৃষক আবুল হোসেনের জামাতা ও পার্শ্ববর্তী রাণী নগর উপজেলার পাচুপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় লেবার ফেরদৌস ও আবু বক্কর নামের দু'জনকে আটক করেছে পুলিশ।
কালিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল হোসেন জানান, নিহত শ্রমিক সালামত আলী সিংড়া উপজেলার ছাতারদীঘি গ্রামের কৃষক আবুল হোসেনের মেয়েকে বিয়ে করে দীর্ঘ দিন ধরে তার বাড়িতে ঘর জামাই ও কালিগঞ্জ বাজারের লেবারের কাজ করতেন। সোমবার সন্ধ্যায় সে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে বাজারের রাস্তায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

 
Back To Top